নিউজ ডেস্ক: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত নাশকতার কোন আলামত পাওয়া যায়নি। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখনও তদন্ত কাজ চলছে। তাই এ মূহুর্তে সুনিশ্চিতভাবে কোন কিছু বলা যাচ্ছে না। আমাদের পুলিশ বাহিনীর সাথে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আমরা মনে করছি গ্যাস বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদন পাওয়া পরে আমরা নিশ্চিতভাবে বলতে পারব কি ঘটেছিল।
বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এখন জনগণের বন্ধু এবং জনগণের কল্যাণে কাজ করছে। পুলিশ জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ সর্বক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি। তাদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক যে ভয়ঙ্কর নেশা, এটা যে একটা সমাজকে, পরিবারকে ধ্বংস করে দেয় এটা মানুষকে বুঝাতে হবে। শুধু কঠোর হলেই মাদক বন্ধ করা যাবে না। মানুষকে বুঝিয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে।
স্বরাষ্ট্রমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply