অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়া কেন্দ্র করে ক্যাম্পাসে ছড়িয়ে পড়া উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সাথে আগামী ১০-১৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল ৯টায় ভার্চ্যুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন ও প্রভোস্টরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল বন্ধ ও পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে।

এ ছাড়া ১০-১৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের পরিবহণও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে বহিরাগতসহ ক্যাম্পাসে ককটেল ও ফাঁকা গুলি ছোঁড়ে ছাত্রলীগের একটি অংশ। এরপর তাদের প্রতিহত করতে ধাওয়া দেন বর্তমান কমিটির নেতারা। এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *