অন্ধ্র প্রদেশে বন্যায় ব্যাপক হতাহত

২০ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। তীর্থস্থান তিরুপতিতে পানিবন্দী রয়েছেন কয়েক শ পুণ্যার্থী। ভারতীয় বিমানবাহিনী, এসডিআরএফ ও দমকলের কর্মীরা সম্মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন।

শনিবার এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি স্থলভাগে ঢুকে পড়েছে। এ ছাড়া ওই এলাকার জলাধারগুলোও বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ওই এলাকায় অনেকে পানিবন্দী হয়ে পড়েছেন। অন্ধ্র প্রদেশ রাজ্য সরকারের মালিকানাধীন তিনটি বাস বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকটি দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পুরোদমে চলছে উদ্ধার তৎপরতা।

বন্যার কারণে সবচেয়ে বিপর্যয়ে পড়েছে অন্ধ্র প্রদেশের রয়ালাসিমা অঞ্চল। এ ছাড়া চিত্তুর, কাড়াপা, কুরনুল ও অনন্তপুরম জেলার মানুষও বন্যার কবলে পড়েছেন। বিভিন্ন জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অচল হয়ে পড়েছে জনজীবন। কিছু কিছু জায়গায় সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে সড়কে থাকা কিছু গাড়ি।

পার্শ্ববর্তী অনন্তপুরম জেলায় ভেলদুরথি গ্রামে বন্যার পানিতে আটকে পড়া ১০ ব্যক্তিকে উদ্ধার করেছেন ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা। নির্মাণকাজে ব্যবহৃত একটি খননযন্ত্রের ভেতর আটকে পড়েছিলেন তারা। বিমানবাহিনীর সদস্যরা এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে তাদের উদ্ধার করেন। ওই এলাকায় বন্যার পানিতে আটকে পড়া একটি গাড়ি থেকে চার ব্যক্তিকে উদ্ধারের জন্যই গতকাল ওই খননযন্ত্রকে সেখানে নেয়া হয়েছিল। তবে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় খননযন্ত্রটি আটকা পড়ে যায়। এতে সেই খননযন্ত্রে আগে থেকে থাকা ৬ জন, উদ্ধার হওয়া ৪ জনসহ ১০ জন আটকে পড়েন। অনন্তপুরম জেলা প্রশাসক ভারতীয় বিমানবাহিনীর কাছে সহায়তার আবেদন জানালে সফলভাবে সে উদ্ধারকাজ সম্পন্ন হয়।

বন্যা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *