অপহৃত চার শিক্ষার্থীর তিনজন উদ্ধার

১০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত চার স্কুলছাত্রের তিনজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে উদ্ধার করেছে র‌্যাব। বাকি দুইজনকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রদের উদ্ধার করা হয়। বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সেন্টমার্টন দ্বীপ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুই রোহিঙ্গা গত মঙ্গলবার সকালে চার স্কুলছাত্রকে সন্ত্রাসী চক্রের হাতে তুলে দিয়েছিলেন বলে অপহৃতদের স্বজনরা জানিয়েছেন। অপহরণের শিকার শিক্ষার্থীরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচারদ্বীপের মংলা পাড়ার আবদুস সালামের ছেলে ১৬ বছর বয়সী জাহিদুল ইসলাম, আবদুর রহিমের ছেলে ১৪ বছর বয়সী মোহাম্মদ কায়সার, ফরিদ আলমের ছেলে ১৪ বছর বয়সী মিজানুর রহমান নয়ন এবং মোহাম্মদ আলমের ছেলে ১৪ বছর বয়সী মিজানুর রহমান।

এদের মধ্যে জাহিদুল ইসলাম, মোহাম্মদ কায়সার ও মিজানুর রহমান নয়নকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা তারেকুল ইসলাম জানিয়েছেন।

তিন ছাত্রকে উদ্ধারের আগে এই অপহরণে জড়িত অভিযোগে টেকনাফের মুচনী ক্যাম্পের এইচ-৪ ব্লকের বাসিন্দা ৫৫ বছর বয়সী নুর সালাম, তার মেয়ে ১৭ বছর বয়সী রনজন বিবি এবং আবদুল কাদেরের ছেলে ৪০ বছর বয়সী সাদ্দাম মিয়াকে আটক করেন এপিবিএন সদস্যরা।

অপহরণ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *