অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে কাল

০৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে বর্ধিত এ বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তাই কাল থেকে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

ফ্লাইট চালুর শুরুর দিনে ঢাকা থেকে চট্টগ্রামে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও যশোরে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এরপর শনিবার থেকে দিনে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, সিলেটে ২টি, কক্সবাজারে ২টি, বরিশালে ২টি, যশোরে ২টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট চলবে।

এদিকে বেসরকারি দুই এয়ারলাইন্সও শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে তাদের ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে।

নভোএয়ার জানায়, শুক্রবার থেকে তারা প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬টি, যশোরে ৬টি, বরিশালে ২টি, সিলেট ২টি, রাজশাহীতে ২টি এবং কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করবে।

করোনা সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হলে ৫ অগাস্ট পর্যন্ত দেশের মধ্যে আকাশপথ বন্ধের ঘোষণা করা  হয়। করোনা সংক্রমণ না কমায় বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাহ। তবে প্রজ্ঞাপনে বলা হয় বর্ধিত এ বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করতে পারবে।

বাংলাদেশ এয়ারলাইন্স/এসকেএম