অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

৯ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): স্ত্রীকে নিয়ে রসিকতা করায় এবারের অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। এ কাণ্ডে বিশ্বব্যাপী তুমুল সমালোচনার মুখে পড়ে অস্কার পুরস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অবশেষে চড়কাণ্ডে অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন উইল স্মিথ।

শনিবার (৯ এপ্রিল) একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: বিবিসি।

এতে বলা হয়েছে- ৯৪তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে অগ্রহণযোগ্য আচরণ করেছেন উইল স্মিথ। এজন্য পরবর্তী ১০ বছর অস্কারের আসর ও একাডেমির অন্যান্য আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি।

যদিও এর আগেই একাডেমি থেকে পদত্যাগ করেছেন উইল স্মিথ। তিনি জানিয়েছিলেন, আমার আচরণের জন্য যে কোনও রকম সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেবো। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আমার কাজ বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল।

এবারের অস্কারে ‘কিং রিচার্ড’ ছবির রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ।

অনুষ্ঠান উপস্থাপনার ফাঁকে ফাঁকে নানা ধরনের রসিকতা করছিলেন সঞ্চালক ক্রিস। একপর্যায়ে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি। তার এমন রসিকতায় বেশ চটে যান স্মিথ। অভিনেতা নিজের আসন ছেড়ে মঞ্চে গিয়ে সঞ্চালকের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেন। তবুও স্মিথের রাগ কমেনি। নিজের আসন থেকে চিৎকার করে বলে, তোমার এসব নোংরা কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো।

১৯৯৭ সালের ‘জি আই জেন’ সিনেমার নায়িকার মাথায় চুল কম থাকা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। আর এজন্যই রসিকতা করে তাকে ‘জি আই জেন ২’ এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন সঞ্চালক ক্রিস।

উইল স্মিথ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *