২৫ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেছেন চিকিৎসকরা। এ অভিনেতার জন্য দেশেবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা জানান, বৃহস্পতিবার দিনে কিছুটা ভালো ছিলেন তিনি। রাত ১১টা পর্যন্ত তারা হাসপাতালেই ছিলেন। পরে চিকিৎসকদের কথামতো তারা বাসায় ফিরে যান। এক ঘণ্টা পর হাসপাতাল থেকে জরুরি ফোন পেয়ে তারা সেখানে পৌঁছান। চিকিৎসকেরা জানান, কাদের শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। নড়াচড়া করছেন না। মাঝে মাঝে হালকা নিশ্বাস নিচ্ছেন। তাকে আইসিইউতে নেয়া লাগবে। পরে রাত ১২টার দিকে আইসিইউতে নেয়া হয় এ অভিনেতাকে।
জাহিদা বলেন, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। তার বেশ কিছু অর্গান কাজ করছে না। হিমোগ্লোবিন কমে যাওয়ায় ডাক্তাররা রক্ত চেয়েছিলেন, আমরা দিয়েছি। দেশের মানুষের কাছে বাবার জন্য দোয়া চাই।
উন্নত চিকিৎসার জন্য ৮ ডিসেম্বর চেন্নাইতে নেয়া হয় আবদুল কাদেরকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার অবস্থা সংকটাপন্ন, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেয়া হচ্ছে না। গত রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় আনা হয়।
আবদুল কাদের নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র তিন মাধ্যমেই জনপ্রিয়। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন।কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন কাদের। তিনি বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ টেনাশিনাসের সহসভাপতি। তিনি নাটকের দল থিয়েটারের সদস্য। দলটির ৩০টি প্রযোজনায় এক হাজারের বেশি প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি। মঞ্চে তিনি অভিনয় করেছেন, পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনো ক্রীতদাস, তোমরাই, স্পর্ধা, দুই বোন, মেরাজ ফকিরের মা, নাটকগুলোয়। আবদুল কাদের বাটা বাংলাদেশের সাবেক কর্মকর্তা। বিনোদন/এসকেএম
















Leave a Reply