আক্রান্ত ও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ২৮ জন। এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত রোগীর ৩৩ হাজার ৬১০ জন

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪১৫ জন।
নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৮৪টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ৯৭৭টি। গতকালের চেয়ে আজ ১৯৩টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ৯০৮টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১০ হাজার ৮৩৪টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৯২৬টি নমুনা পরীক্ষা কম হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৫ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন ১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন এবং সিলেট বিভাগের ১ জন রয়েছেন। ঢাকা বিভাগের ২০ জনের মধ্যে ঢাকা মহানগরীতে ১৫ জন, নারায়ণগঞ্জে ৩ জন ও গাজীপুরের ২ জন। চট্টগ্রাম বিভাগের ৭ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১ জন, চট্টগ্রাম জেলায় ২ জন, নোয়াখালীতে ২ জন, চাঁদপুরে ও কুমিল্লায় ১ জন করে রয়েছেন। আর সিলেট বিভাগের সিলেট সিটি করপোরেশন এলাকায় ১ জন রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে হাসপাতালে ২৩ জন, বাসায় ৪ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন।
তিনি জানান, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় আগত ১ হাজার ১৪৭ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৬ লাখ ৯৫ হাজার ৮২২ জনকে স্কিনিং করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *