আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪৫ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৯৭৫ জন।

এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭১ হাজার ৬৭৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৪ হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

গতকালের চেয়ে আজ ৪৩৬ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭৩৫ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৭৭৭ জন।

তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় দেশের ৫৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৯৪৪টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৭২০টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

উল্লেখ্য, রোববার ও সোমবার এই দুইদিনই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। ওই দুইদিন ৪২ জন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন।

এছাড়া, এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ২ জুন। ওইদিন ২ হাজার ৯১১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *