আধা ঘণ্টার মধ্যেই বৃষ্টির পানি নিষ্কাষিত হবে

১৬ মে ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকাবাসীকে এবারও জলাবদ্ধতায় নাকাল হতে হবে না। আশা করছি, এ বছর আধা ঘণ্টার মধ্যেই বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে যাবে।

সোমবার নগরভবনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, খাল ও বক্স কালভার্ট হতে বর্জ্য ও পলি অপসারণ এবং অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ফলে গত বছর ঢাকাবাসীকে জলাবদ্ধতায় নাকাল হতে হয়নি। অতি বৃষ্টি হলেও ১ ঘণ্টার মধ্যে বৃষ্টির পানি নিষ্কাষিত হয়েছে। এ বছর ঢাকাবাসীকে আমরা আরও বেশি মাত্রায় সুফল দিতে পারব বলে আশাবাদী। আমরা আশা করছি, এ বছর ৩০ মিনিটের মধ্যেই বৃষ্টির পানি নিষ্কাষিত হবে।

দেশে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা করা হলে ঢাকা দক্ষিণ সিটি এক নম্বরে থাকবে উল্লেখ করে শেখ ফজলে নূর তাপস বলেন, আমার দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে দৃঢ়তার সাথে বলতে চাই, দুর্নীতি মুক্তির দিক থেকে আমরা অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অগ্রযাত্রার দিক থেকে ডিএসসিসিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

সড়কের যানজট নিরসনে রাত ৮টার পর রাজধানীর দোকান বন্ধ করার আহ্বান জানিয়ে ফজলে নূর তাপস বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর বাইরে আরও বেশ কিছু ভালো দিক আছে। এটি যদি কার্যকর করা যায় তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র তাপস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *