আধুনিকায়ন হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল

১০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বেগবান করতে ও গণপরিবহনকে শৃঙ্খলায় আনতে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার সায়েদাবাদে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় মোটর গ্যারেজ এবং সায়েদাবাদ বাস টার্মিনালের চলমান সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

শেখ ফজলে নূর তাপস বলেন, আপনারা অবগত আছেন, আমরা বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সফলতার সাথে শুরু করেছি। আমাদের একটি যাত্রাপথ শুরু হয়েছে। আরও তিনটি যাত্রাপথ আগামী ১ সেপ্টেম্বর আমরা উদ্বোধন করব। সে সব কার্যক্রমকে বেগবান করার জন্য নিজ অর্থায়নে আমরা আমাদের সায়েদাবাদ আন্তঃজেলা ও সিটি বাস টার্মিনালের আধুনিকায়নের কাজ আরম্ভ করেছি। প্রায় ৩০ কোটি টাকার ঊর্ধ্বে আমরা এ কার্যক্রম নিয়েছি।

আগামী মার্চের মধ্যে চলমান কাজ শেষ করার আশাবাদ জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালটি অনেকদিন পূর্বে নির্মাণ হওয়ার পরে কোনও সংস্কার কাজ হয়নি। এখানে জলাবদ্ধতাসহ অবকাঠামোগুলো খুবই খারাপ অবস্থা ও ভঙ্গুর অবস্থায় ছিল। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ঢাকা শহরের গণপরিবহনকে যাতে শৃঙ্খলার আওতায় আনা যায়, সেজন্য আমরা এই কাজটি হাতে নিয়েছি। কাজটি দ্রুত চলমান রয়েছে। আমরা আশাবাদী, আগামী মার্চের মধ্যে কাজটি সম্পন্ন হবে।

সায়েদাবাদ বাস টার্মিনালকে অত্যন্ত কার্যকর, আধুনিক ও স্বয়ংক্রিয় টার্মিনাল হিসেবে পরিচালিত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান মেয়র ব্যারিস্টার শেখ তাপস। বলেন, এখানে আলাদাভাবে বাস রাখার জায়গা, শ্রমিকদের বিশ্রামের জায়গা, শৌচাগার করা হচ্ছে। এছাড়া যাত্রীরা যাতে ভেতরে প্রবেশ করে সেবা নিতে পারেন, সেরকম করে আমরা এই পুরো সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি।

মেয়র তাপস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *