আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ।

সোমবার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা এ সময় আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

ঢামেক হাসপাতাল পরিদর্শন শেষে আহত শিক্ষার্থীদের বিষয়ে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের সুচিকিৎসা সরকারের প্রধান ম্যান্ডেট। এ বাচ্চাদের যদি নিরাপদ জীবন দিতে না পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হব।

উপদেষ্টা শারমিন মুরশিদ এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, এ আন্দোলনে আহত ও নিহতদের বিষয়ে হাসপাতালের রেজিস্ট্রার থেকে তথ্য নিয়ে সবার ডাটাবেজ তৈরি করা হবে। আহতের পুনর্বাসনের জন্য যা যা করার সমাজকল্যাণ মন্ত্রণালয় তার নৈতিকতার জায়গা থেকে সব করবে। আহতদের পুনর্বাসিত করবে মন্ত্রণালয়।

শারমিন মুরশিদ বলেন, আমরা নতুন করে ডাক্তারদের পেলাম, নতুন করে চিকিৎসাসেবা দেখলাম। এই ডাক্তার ও সেবাই চায় নতুন বাংলাদেশ। আমাদের ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ যেমন ভোলা যায় না, তেমনি ২০২৪-এর নতুন বাংলাদেশের স্মৃতিও মুছে ফেলা যাবে না। আমরা নিহতদের ভুলতে দেব না। যে বাচ্চারা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের নিরাপদ জীবন দিতে হবে, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই বাচ্চারা সুস্থ না হলে, পুনর্বাসিত না হলে আমরা ভালো থাকব না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যত প্রকল্প রয়েছে, এখন থেকে এই বীর বাচ্চাদের ফোকাস করে নেয়া হবে।

উপদেষ্টা সেখানে থাকা গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তথ্য দেয়ার অনুরোধ জানান। এ জন্য মন্ত্রণালয়ে একটি সেল খোলার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সফিকুর রহমান, ঢাকা মেডিকেলের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান, সহকারী পরিচালক ডাক্তার আশ্রাফুল আলম, ডাক্তার আব্দুর রহমান ও ডাক্তার আ. সামাদসহ অন্যরা।

সমাজকল্যাণ উপদেষ্টা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *