আবার সুযোগ পেলে বিএনপি দশ ‘বাংলা ভাই’ বানাবে

নিউজ ডেস্ক: বিএনপি আবার সুযোগ পেলে দশ ‘বাংলা ভাই’ বানাবে। এমন মন্তব্য আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদের।

রোববার রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ জনসভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার আগে দলের রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ তার বক্তৃতায় এ কথা বলেন।

হাছান মাহমু বলেন, বিএনপি যদি আবার সুযোগ পায়, তারা একটা নয়, দশটা ‘বাংলা ভাই’ সৃষ্টি করবে। এই রাজশাহী অঞ্চলকে তারা জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করবে। কিন্তু মানুষ তা হতে দেবে না।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এখানে রাজশাহীতে ‘বাংলা ভাই’ সৃষ্টি হয়েছিল। বিএনপির নেতারা তাকে বরণ করে নিয়েছিল। আজ শেখ হাসিনার দেশ পরিচালনায় গত ১৪ বছরের উন্নয়নে রাজশাহী জেলা বদলে গেছে। রাজশাহী বিভাগ বদলে গেছে। পুরো দেশ বদলে গেছে। বঙ্গবন্ধুকন্যা যেমন দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। রাজশাহীতেও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে, রাজশাহী মেয়রের নেতৃত্বে রাজশাহী আজ দেশের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে।

ডক্টর হাছান বলেন, বিএনপি নেতারা আমাদের বলে ‘পালাবার পথ পাবেন না’। অথচ তাদের বড় নেতা তারেক রহমানই পালিয়ে ইংল্যান্ডে অবস্থান করছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ‘হাওয়া ভবন’ তৈরি করে তারা সারাদেশের মানুষের ওপর টোল বসিয়েছিল, চাঁদা বসিয়েছিল। আমোদ ফুর্তি করার জন্য ‘খোয়াব ভবন’ বানিয়েছিল।

হাছান মাহমুদ বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে জনতার ঢেউয়ে পুরো রাজশাহী শহর জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তাই এই মাঠেই আমরা সমাবেশ করছি।

আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার ও জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার সঞ্চালনায় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মন্ডলীর সদস্যদের মধ্যে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেন।

হাছান মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *