নিউজ ডেস্ক: ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকার তোপখানা রোডের ‘হোটেল রয়েল গ্রান্ড হায়াত’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ক্যাম্পাসের একটি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন ওই শিক্ষক। বুধবার সকালে স্কুলের প্রয়োজনীয় কাজের কথা বলে ঢাকায় যান। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তার স্ত্রী প্রধান শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পান। এর পর পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে পারেননি।
রাত ৮টার দিকে থানা পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ঢাকার আবাসিক হোটেল থেকে মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ মৃত্যুকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
শাহবাগ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, এ সময় একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, রাত ৮টার দিকে শাহবাগ থানা থেকে ওই প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
মাদারীপুর/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply