১১ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আলজেরিয়া): আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসদস্যসহ ৪২ জনের প্রাণহানি হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমানের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে জানা যায়, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে সোমবার রাত থেকে ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়। দাবানলে ৪২ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৫ সেনাসদস্য ও ১৭ জন বেসামরিক।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান বলেন, চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছি। এ ছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্লেন ভাড়া করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে আলজেরিয়ায় এই আগুনের সূত্রপাত হয় বেজাইয়া ও তিজি ওউজোউ এলাকায়। দাবানল ছড়িয়ে পড়ার পর বিপদাপন্ন মানুষের উদ্ধারে কাজ শুরু করেন দেশটির সেনাসদস্যরা।
একপর্যায়ে উদ্ধার অভিযানের মধ্যেই আগুনে পুড়ে মারা যান ২৫ সেনাসদস্য। এ ঘটনায় সমবেদনা জানিয়ে টুইট করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তিবোউনি।
টুইটে তিনি বলেন, এটা খুবই দুঃখের বিষয় যে- ভুক্তভোগী মানুষকে উদ্ধারের সময় আমাদের ২৫ সেনাসদস্য শহীদ হয়েছেন। মৃত্যুর আগে তারা শতাধিক মানুষকে দাবানলের কবল থেকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।
দাবানল/এসকেএম















