আশুলিয়ায় কবরস্থান থেকে ৫ নারীর কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার একটি কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আশুলিয়ার দরগারপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের ধারণা, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের কোনও এক সময় কবরগুলো থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল আটটার দিকে স্থানীয় কয়েক ব্যক্তি গাজীর দরগাঁ সরকারি কবরস্থানের নারীদের জন্য নির্ধারিত অংশে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মানুষ কবরস্থানে ভিড় করতে শুরু করেন। এ সময় তারা পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে নিশ্চিত হন।

জানা যায়, কবরস্থানটিতে নারী ও পুরুষের জন্য আলাদা জায়গা করা রয়েছে। কঙ্কাল চুরি হয়েছে শুধু নারীদের অংশের কবরগুলো থেকে।

মাহমুদা খানম নামে স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, দেড় বছর আগে আমার মাকে ওই জায়গায় কবর দেয়া হয়েছিল। মায়ের কবর জিয়ারত করতে প্রতি শুক্রবার কবরস্থানটিতে আসি। আজ (শুক্রবার) সকালে এসে মায়ের কবরে গর্ত দেখতে পাই। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি কবরে একই অবস্থা দেখি। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা আরও বেশ কয়েকটি কবরে একই অবস্থা দেখতে পান।

কবরস্থানটির খাদেম মনির হোসেন বলেন, সব কটিই পুরাতন কবর। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনও এক সময় পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে বলে মনে হচ্ছে। এক জোড়া জুতা আর একটা চাদর কবরস্থান থেকে পাওয়া গেছে। বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানানো হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয় লোকজন জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

কঙ্কাল চুরি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *