১৮ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের লভিভ শহরে পাঁচটি শক্তিশালী মিসাইল আঘাত হেনেছে বলে সেখানকার মেয়র অ্যান্ড্রি স্যাডোভি জানিয়েছেন।
সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যান্ড্রি স্যাডোভি তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে স্থানীয় সময় সোমবার সকালে দেয়া এক পোস্টে জানান, ৫টি ক্ষেপণাস্ত্র লভিভে আঘাত হেনেছে। এই হামলার ব্যাপারে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্যের সন্ধান করছে বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানান, প্রাচীন ইউরোপীয়ান শহর লভিভের বেসমারিক স্থাপনায় পাঁচটি শক্তিশালী মিসাইল আঘাত হেনেছে। রাশিয়ানরা আকাশ থেকে ইউক্রেনীয় শহরগুলোতে বর্বরভাবে হামলা চালিয়ে যাচ্ছে। পুরও বিশ্বের কাছে ইউক্রেনীয়দের হত্যা করার ‘অধিকার’ ঘোষণা করছে তারা।
এদিকে, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে যুদ্ধের সাইরেন বাজছে বলে খবর পাওয়া গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলা চালিয়ে ইচ্ছাকৃতভাবে ভীতি সঞ্চারের চেষ্টা চলছে। সাধারণ নাগরিকদের ওপর মর্টার আর রকেট হামলা চলছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়া মারিউপোলকে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দিতে চায়। শহরের কিছুই যেন আর অবশিষ্ট নেই।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply