২৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): ইউক্রেন সরকারের নেতৃত্বে কারা থাকবেন, তার সিদ্ধান্ত নেবেন দেশটির নাগরিকেরা, সম্প্রতি এমন কথাই বলেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তবে এখন সুর পাল্টেছেন তিনি। বলছেন, ইউক্রেনে সরকার পরিবর্তন চায় মস্কো।
রোববার মিসরের রাজধানী কায়রোতে এক কূটনৈতিক সফরে গিয়ে এ মন্তব্য করেন লাভরভ। খবর: আল-জাজিরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কোর প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে। মিসরের পাশাপাশি ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্র সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
কায়রোতে লাভরভ বলেন, ইউক্রেনের গণবিরোধী ও ইতিহাসবিরোধী সরকারের হাত থেকে নিজেদের মুক্ত করতে দেশটির জনগণকে আমরা অবশ্যই সহায়তা করব। রাশিয়া ও ইউক্রেনের জনগণ ভবিষ্যতে একসাথে বসবাস করবে।
এর আগে গত এপ্রিলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছিলেন লাভরভ। সেখানে তিনি বলেছিলেন, ইউক্রেনে সরকার পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ ও নাৎসি প্রভাব’মুক্ত করতে তাদের এই অভিযান।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply