১৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইতালির দক্ষিণের সিসিলি শহরের কাতানিয়ায় মাউন্ট এটনা আগ্নেগিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ৩ হাজার ৩৫০ মিটার উঁচু এই আগ্নেয়গিরি থেকে নির্গত হচ্ছে লাভা।
অগ্ন্যুৎপাতের পর থেকে আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে স্থানীয় বিমানবন্দর। তবে কর্তৃপক্ষ কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানায়নি। খবর: স্কাই নিউজ।
দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে কোনও ঝুঁকির সম্ভাবনা নেই।
ইতালির কেন্দ্রীয় জরুরি বিভাগ জানিয়েছে, লিংগুয়াগ্লোসা, ফোরনাজো ও মিলো শহর থেকে এটি দেখা যাচ্ছে।
কাতানিয়া শহর থেকে বহু দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই আগ্নেয়গিরি। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় এই আগ্নেয়গিরি দেখতে বহু পর্যটকের সমাগম ঘটে। গ্রীষ্মকালে পর্যটকদের কাছাকাছি যাতায়াত বন্ধ থাকলেও, শীতকালে খুলে দেয়া হয়।
ইতালিতে তিনটি প্রধান সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম। প্রায় ১০ হাজার ফুট উঁচু এই আগ্নেয়গিরি। এটি আফ্রিকা প্লেট ও ইউরোশিয়া প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ২০১৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে।
আগ্নেয়গিরি/এসকেএম
















Leave a Reply