ইনিংস ঘোষণা করে কঠিন লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

০৬ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি টেনেছে বাংলাদেশ। ৮ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জয় পেতে উইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ দিয়েছে মুমিনুল হকের দল।

এই বড় লিড এনে দিতে কার্যকরী ভূমিকা রেখেছে মুমিনুল-লিটন জুটি। মুমিনুল করেছেন সেঞ্চুরি আর লিটন হাফসেঞ্চুরি।

চট্টগ্রাম টেস্টের ৪র্থ দিনে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস। রাহকিম-ওয়ারিক্যানের কোনও ঘূর্ণিঝড়ই উপড়ে ফেলতে পারছিল না তাদের। 

জুটি ভাঙতে লেগব্রেক বোলার বোনার ও পেসার কেমার রোচকে এনেও জুটিতে ভাঙন ধরাতে পারেননি ক্যারিবীয় অধিনায়ক ব্রাথওয়াইট।

কিন্তু হাফসেঞ্চুরির পর কেমন যেন অধৈর্য হলে গেলেন লিটন দাস। টি-টোয়েন্টির শট খেলে ১১২ বলে ৬৯ রান করে সাজঘরে ফেরেন লিটন।

ভাঙে মুমিনুল-লিটনের ১৩৩ রানের জুটি। লিটন চলে যাওয়ার পর সেঞ্চুরিয়ান মুমিনুলও বেশিক্ষণ টিকতে পারেননি। গ্র্যাব্রিয়েলের বল সজোরে হাঁকিয়ে বাউন্ডারিতে কেমার রোচের হাতে ধরা পড়েন তিনি। তার আগে ১৮২ বলে ১১৫ রানের ইনিংস খেলেন মুমিনুল।

এ দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরার পরে ব্যাট হাতে নামেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মিরাজ ও তাইজুল। কিন্তু দু্জনেই ওয়ারিক্যানের জোড়া শিকারে পরিণত হন। এ সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ২২৩ রান। অর্থাৎ ৩৯৪ রানের লিড পায় বাংলাদেশ।

এ লিড নিয়েই নিজেদের দ্বিতীয় ইনিংস সমাপ্তির ঘোষণা দেন অধিনায়ক মুমিনুল।

উইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেছেন কর্নওয়াল ও ওয়ারিক্যান। ২টি উইকেট পেয়েছেন শ্যানন গ্র্যাব্রিয়েল। 

জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ১৮ রান জমা করেছে সফরকারীরা।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *