নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের দেয়া রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগ। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আমাদের ইশতেহারে দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। আগামী বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ।
রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত মিডিয়া সেন্টারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করব। আমাদের ইশতেহারে দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। আগামী বাংলাদেশ হবে ‘স্মার্ট ও সমৃদ্ধ’। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইল ফলক হয়ে থাকবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। বার বার নির্বাচন বর্জন করে আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া তাদের করণীয় কিছু নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত, ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন। প্রতিনিয়ত এমন মিথ্যাচার তাদের করুণ পরিণতির জন্য দায়ী।
ওবায়দুল কাদের বলেন, টানা চতুর্থবার ও পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার সাথে ভারত, রাশিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকার রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকনসহ অন্যরা।
ওবায়দুল কাদের/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply