ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিউজ ডেস্ক: কুরবানির ঈদের দিন ২৯ জুন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পরদিন শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি থাকায় এদিনও ট্রেন চলবে না। ঈদের আগে যাত্রী চলাচলের সুবিধার জন্য পরিবর্তন আনা হয়েছে দেশের প্রথম এ বৈদ্যুতিক ট্রেনের সময়সূচিতেও।

২২ জুন বৃহস্পতিবার থেকে এ নতুন সময়সূচি কার্যকর হবে বলে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল জানিয়েছে।

এখন পিক আওয়ারের সময় এক ঘণ্টা বাড়িয়ে ট্রেন ছাড়ার নতুন সময় (হেডওয়ে) নির্ধারণ করা হয়েছে। মেট্রেরেল চলাচল করে ১২ ঘণ্টা। এর মধ্যে ছয় ঘণ্টা ‘পিক আওয়ার’ এবং বাকি ছয় ঘণ্টা ‘অফ পিক’ আওয়ার ধরে এতদিন হেডওয়ে ঠিক করা ছিল।

রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন ছাড়বে ১০ মিনিট পরপর। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে ট্রেন ছাড়বে ১৫ মিনিট পরপর। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন ছাড়বে ১০ মিনিট পরপর।

শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফ পিক আওয়ারে ট্রেন ছাড়বে ১২ মিনিট পরপর। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন ছাড়বে ১০ মিনিট পরপর।

শুক্রবার সপ্তাহিক ছুটির দিনে এতদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ভাগে ছয় ঘণ্টা পিক আওয়ার ধরা হতো। ওই সময় ট্রেন ছাড়ত ১০ মিনিট পরপর।

আর বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ভাগে ছয় ঘণ্টা অফ পিক আওয়ার ধরা হতো। সকালের ভাগে ১৫ মিনিট পরপর এবং রাতের ভাগে ১২ মিনিট পরপর ট্রেন ছাড়ত।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেয়া হয়। এখন মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পথ আগামী অক্টোবরে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মেট্রোরেল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *