১০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় গণমাধ্যমকর্মীদের মতামত দিতে আগামী ১০ দিন সময় রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সম্মেলন কক্ষে প্রস্তাবিত “উপাত্ত সুরক্ষা আইন ২০২২” এর খসড়া বিষয়ে গণমাধ্যমকর্মীদের সুপারিশ ও মতামত নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা জানান।
দেশের তথ্য উপাত্তের স্বাধীনতা ও সার্বোভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই আইন করা হচ্ছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডেটা ইজ দ্য নেক্সট ওয়েলথ। অতি মূল্যবান সম্পদ। তেল বা খনিজ সম্পদে সমৃদ্ধ জাতি থেকে যারা এই ডিজিটাল ডেটা সঠিক ভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে পারবে তারাই হবে অত্যন্ত সম্পদশালী জাতি।
তিনি বলেন নাগরিকের তথ্য-উপাত্তের স্বাধীনতা ও সুরক্ষার নিশ্চিত করতেই এই আইন প্রণয়ন করা হচ্ছে। ডেটা যেনো বিদেশী কেউ ব্যবহার করতে না পারে তার যথাযথ সুরক্ষা থাকছে এই আইনে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে যেনো ডেটা না যায় সেই সুরক্ষার জন্য এই আইন করার উদ্যোগ নিয়েছি আমরা।
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক তারেক এম বরকতুল্লাহ।
এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি ও একাত্তর টেলিভিশনের এমডি মোজাম্মেল বাবু, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাউছার উদ্দিন, সাধারণ সম্পাদক মোরসালিন জুনাইদ, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা খসড়া আইনটির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
জুনাইদ আহমেদ পলক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply