নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় একসাথে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা খাতুন নামে এক গৃহবধূ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আঁখি তারা জেনারেল হাসপাতালে তিনি চার সন্তান প্রসব করেন।
৩০ বছর বয়সী কল্পনা খাতুন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের দরিদ্র দিনমজুর মাহবুবুর রহমানের স্ত্রী। তাদের ঘরে ১০ বছর বয়সি নাঈম হোসেন নামে এক পুত্রসন্তান রয়েছে।
কোলজুড়ে আগত চার কন্যাসন্তান নিয়ে যেমন খুশিতে আত্মহারা বাবা, তেমনই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে তার কপালে। ক্লিনিকের বিল মেটানোর মতো সামর্থ্যও নেই বলে জানান বাবা দিনমজুর মাহবুবুর রহমান।
তিনি বলেন, আমি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করি। প্রতিদিন ৪০০ টাকা আয় করি। এক ছেলে জন্মানোর ১০ বছর পর চার কন্যার মুখ দেখে আমার বুক ভরে গেছে। তবে অস্ত্রোপচার থেকে শুরু করে ওষুধসহ বিভিন্ন জিনিস কিনতে আমি হিমশিম খাচ্ছি। এ মুহূর্তে আমার স্ত্রী অপারেশন থিয়েটারে আছে। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। রক্তের জোগাড় করতে এখন সর্বোচ্চ চেষ্টা করছি।
আঁখি তারা জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার তরিকুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারী চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন। চারজনই সুস্থ আছে। প্রসূতির রক্তক্ষরণ হচ্ছে। চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান মিলন বলেন, চার কন্যাসন্তান আমার তত্ত্বাবধানে আছে। তারা কিছুটা অপুষ্ট। অক্সিজেন ছাড়াই বর্তমানে সুস্থ রয়েছে। তাদের মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বলে জেনেছি।
চুয়াডাঙ্গা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply