কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

২৯ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এবার তাসকিনের ঘরে আলো করে এসেছে কন্যাসন্তান।

শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ২৭ বছর বয়সি এ পেসার।

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে তাসকিন লেখেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।

এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের ভক্ত-সমর্থকরা। তাসকিনের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই জাতীয় দলের এ গতি তারকাকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা।

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হন তাসকিন। তাসকিন ও তার স্ত্রী রাবেয়া নাঈমার প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান।

এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা নাঈমাকে বিয়ে করেন তাসকিন। সাড়ে চার বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন তাসকিন-নাঈমা দম্পতি।

তাসকিন/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ