কবিরহাটে মা-মেয়ের লাশ উদ্ধার

১৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক গৃহবধূ ও তার মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে পাঁচ বছরের মেয়েকে বিষপান করিয়ে ওই গৃহবধূ নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের পূর্ব নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সাজেদা আক্তার। তার বয়স ২৭ বছর। তিনি চাপরাশিরহাট ইউনিয়নের পূর্ব নরসিংহপুর গ্রামের গোলাম কুদ্দুসের স্ত্রী। তার মেয়ের নাম জান্নাতুল মাওয়া। তার বয়স ৫ বছর। এ ঘটনায় সাজেদার স্বামী গোলাম কুদ্দুস ও দেবর গোলাম সারোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় এক যুগ আগে গোলাম কুদ্দুসের সাথে পারিবারিকভাবে সাজেদা আক্তারের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল। সাজেদার স্বামী গোলাম কুদ্দুস ওমানপ্রবাসী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১০ দিন আগে গোলাম কুদ্দুস ওমান থেকে দেশে ফেরেন। এরপর গত বুধবার রাতে সাজেদার সাথে কুদ্দুসের ঝগড়া হয়। এর জেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাজেদা ছেলে নুর মোহাম্মদকে ডেকে বিষ খেতে বললে সে রাজি হয়নি। পরে সাজেদা তার মেয়েকে বিষপান করান এবং পরে নিজেও বিষপান করেন।

বিষপানের বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে জান্নাতুলকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এদিকে সাজেদা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফেনীতে তিনি মারা যান।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহত সাজেদার লাশ বাড়ি থেকে এবং তার মেয়ে জান্নাতুল মাওয়ার লাশ নোয়াখালীর হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *