করোনার উপসর্গ নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন আরেকজন সাংবাদিক। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক আবুল হাসনাত হাশেম মারা গেছেন।

ফেসবুকে দেয়া শেষ স্ট্যাটাস। এর ঘন্টাখানেক পরেই মারা যান সাংবাদিক আবুল হাসনাত হাশেম

শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তিনি মারা যান চাঁদপুর জেনারেল হাসপাতালে।

দুই দিন ধরে আবুল হাসনাত হাশেম জ্বরে ভুগছিলেন। রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুতই হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

হাসপাতালে নেয়ার আগে রাত দেড়টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন, “আমার অবস্থা ভাল না। আমাকে সবাই মাফ করে দিবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।”

হাসনাত হাশেমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার উপসর্গ থাকার কারণে আজ (শনিবার) তার নমুনা সংগ্রহ করা হবে। নমুনা রাখার পর যথাযথ নিয়মে দাফন করা হবে।

হাসনাত তার ফেসবুক আইডি’র প্রোফাইলে করোনা সচেতনতায় ‘লকডাউন’ লেখাসহ ছবি আপলোড করেন। আজ তার জীবনই লকডাউন হয়ে গেল।

আবুল হাসনাত হাশেম ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন। ১৯৯০ সালে তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক হিসেবে এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *