১৬ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা তিন অংকের ঘরে পৌঁছালো। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ১০১ জন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ৯৪ জন মারা যান। বুধবার রেকর্ড ৯৬ জন মারা গিয়েছিলেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১০ হাজার ১৮২ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৩৪ জন নারী। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ২৩ জন, এবং ষাটোর্ধ্ব বয়সের ৬৩ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪১৭ জন। গতকালের চেয়ে আজ ২২৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৯ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
দেশে এ পর্যন্ত ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৩টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মোট পরীক্ষার ৩৮ লাখ ২৪ হাজার ২৩৯টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ১০ হাজার ২৩৯টি বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply