করোনা ভ্যাকসিন নেয়া দুইজনের মৃত্যু

১৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বিশ্বের সবচেয়ে বড় পরিসরে করোনা টিকা দেয়ার প্রক্রিয়া চলছে ভারতে। পুরো দেশে মঙ্গলবার পর্যন্ত তিন লাখ ৮০ হাজারের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে এর পার্শ্বপ্রতিক্রিয়ার খবর। টিকা নেয়ার পর এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। যদিও এর সাথে টিকা গ্রহণের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, করোনার টিকা নেয়ার পর দেশজুড়ে এ পর্যন্ত মোট ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই টিকা নেয়ার পর প্রাণ হারিয়েছেন দুইজন।

মারা যাওয়াদের একজন মোহিপাল সিং। তিনি উত্তর প্রদেশের মোরাদাবাদে এক সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন। টিকা নেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। তবে জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, এই মৃত্যুর সাথে টিকা নেয়ার কোনো সম্পর্ক নেই।

মহিপালের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। এখন ময়নাতদন্ত প্রতিবেদনের পরই তার মৃত্যুর কারণ জানা যাবে। 

আরেকজন কর্ণাটকের বাসিন্দা। তার মৃত্যুর কারণ কার্ডিয়াক-পালমোনারি ফেলিওর। তিনি টিকা নেয়ার পরই মারা যান। তার ময়নাতদন্তের রিপোর্টও পাওয়া যায়নি।

এদিকে, হাসপাতালে ভর্তি হওয়া সাতজনের মধ্যে তিনজন দিল্লির। যদিও ইতোমধ্যে ওই তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। টিকা নেয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন কর্ণাটকের দুইজন, উত্তরাখণ্ডের একজন এবং ছত্তিশগড়ের একজন।

করোনা ভ্যাকসিন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *