কাল থেকে ঢাকা বিমানবন্দরে রাতে ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকবে

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারকাজে ২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই মাস রাতে ৫ ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল প্রতিরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত রানওয়ে থেকে কোনও বিমান ওঠানামা করবে না।

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল আরও বলেন, মূলত রানওয়ের সেন্ট্রাল লাইট স্থাপনের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সময়ে আমাদের ৭ থেকে ৮টি ফ্লাইট ছিল, যেগুলো কখনও কখনও শীতের কারণে ডাইভার্ট হয়ে থাকে। এতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ ফ্লাইটগুলো দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে।

যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দর সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, কর্তৃপক্ষ আশা করছে দুই মাস পর রানওয়ের সংস্কারকাজ শেষ হলে বিমানবন্দরে যাত্রী সেবার মান আরও উন্নত হবে।

এ মুহূর্তে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২-এ নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যেই এ কাজ শেষ হবে। এর পরপরই শুরু হবে লাইটিং ব্যবস্থার উন্নয়ন কাজ।

বিমান চলাচল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *