২১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথায় কথায় ষড়যন্ত্র হচ্ছে, দেশকে বিশ্বের কাছে হেয় করতে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সুনাম নষ্ট করার জন্যও ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। সে জন্য বার বার জনগণের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আছেন। বিশ্বে তার সততার সুনাম আছে। তার নেতৃত্বে বাংলাদেশে স্বস্তি, স্থিতি যেভাবে আছে বিশ্বের অনেক দেশেই তা নেই।
নিউ মার্কেটের ব্যবসায়ি ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যেকার সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পদক বলেন, নিউমার্কেট এলাকায় যে ঘটনা ঘটেছে, তাতেই বিএনপি তোলপাড় করে ফেলেছে। অথচ বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ছিল প্রতিদিন রণক্ষেত্র। নিউমার্কেটের ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপি সময়ের মতো পার্মানেন্ট রণক্ষেত্র হয়নি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আপনাদের আমলে কি অবস্থা ছিল আপনার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের আশপাশের পরিস্থিতি। ভুলে গেছেন ফখরুল সাহেব। সরকার তো সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। আপনাদের সময়ের মতো রণক্ষেত্র হয়নি।
কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কৃষক লীগ সাধারণ সম্পদক উম্মে কুলসুম স্মৃতিসহ অন্যরা বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply