কুমিল্লায় প্যাকেজিং কারখানায় আগুন

১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লায় আদর্শ সদর উপজেলার বড় আলমপুর এলাকায় মিয়ামী প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম।

 

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, মিয়ামী প্যাকেজিংয়ের পরিত্যক্ত মালামালের গোডাউনের অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

ফ্যাক্টরির পরিচালক মোহাম্মদ সেলিম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা। তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে কোনও শ্রমিক ছিল না।

অগ্নিকাণ্ড/এসকেএম