কৃষি আধুনিক হলেই মানুষের জীবনমানের উন্নয়ন হবে

নিউজ ডেস্ক: দেশের কৃষি ব্যবস্থা আধুনিক হলেই মানুষের জীবনমানের উন্নয়ন হবে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সাপছড়ি ও দ্বিচানপাড়ায় ভার্মি কম্পোস্ট, সূর্যমুখীর খেত, মাল্টা, আনারস, কাজুবাদাম ও কফি বাগান পরিদর্শন শেষে চাষিদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, দীপংকর তালুকদার এমপি, বাসন্তী চাকমা এমপি, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গতানুগতিক কৃষিকাজ করে মানুষের জীবনমানের পরিবর্তন হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে। সরকার কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাত ও রফতানি বৃদ্ধিতে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। নানান উদ্যোগে কৃষিতে এখন যান্ত্রিকীকরণ হচ্ছে, কৃষিপণ্যের প্রক্রিয়াজাত বাড়ছে ও রফতানিও বাড়ছে।

আব্দুর রাজ্জাক বলেন, ভিয়েতনাম কাজুবাদাম রফতানি করে বছরে ৪০ হাজার কোটি টাকা আয় করে। দেশটি যে পরিমাণ রফতানি করে, তার ৪০ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন করে। বাকী ৫০ থেকে ৬০ ভাগ বিদেশ থেকে আমদানি করে প্রক্রিয়াজাত করে রফতানি করে থাকে।

তিনি বলেন, আমাদের দেশেও কাজুবাদাম উৎপাদন ও প্রক্রিয়াজাত করে ভিয়েতনামের মতো আয় করা সম্ভব। এজন্য পাহাড়ের বিশাল এলাকায় এসব ফসলের চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে আরও লাভজনক করতে হলে ধান, গম, শাকসবজিসহ প্রচলিত ফসলের পাশাপাশি কফি, কাজুবাদাম, গোলমরিচ, আনারস, আমসহ বিভিন্ন অপ্রচলিত অর্থকরী ফসলের চাষ করতে হবে।

পরে বিকেলে কৃষিমন্ত্রী জেলা শহরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামে কৃষির উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় যোগ দেন।

কৃষিমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *