২৪ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন হরভজন সিং।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়েছেন টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি এই অফ স্পিনার।
সামাজিক যোগাযোগমাধ্যমে হরভজর সিং লিখেন, ‘সব ভালো জিনিসেরই শেষ আছে। আমাকে যেটি সবকিছু দিয়েছে, আজ আমি সেই খেলাকে বিদায় বলছি’।
ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে হরভজন বলেছেন, ‘বেশ কিছু দিক দিয়ে চিন্তা করলে ক্রিকেটার হিসেবে আমি আগেই অবসর নিয়ে ফেলেছি। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা দেয়া হয়ে ওঠেনি। বেশ কিছু দিন ধরেই খেলছি না। তবে কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ ছিলাম, (২০২১) আইপিএল মৌসুমটা তাদের সাথে কাটাতে চেয়েছি। অবশ্য মৌসুম চলার সময়ই অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম।
১৯৯৮ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল হরভজনের। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই দেশের মাটিতে বিখ্যাত টেস্ট সিরিজে ৩ ম্যাচে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছিলেন হরভজন। কলকাতায় ফলোঅনের পরও ভারতের সেই জেতা ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। ২০১৫ সালে খেলেছেন ১০৩ টেস্ট ক্যারিয়ারের সব শেষটি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হওয়া টেস্ট ক্যারিয়ারে ৩২ দশমিক ৪৬ গড়ে ৪১৭টি উইকেট তার। ভারতের হয়ে এ তালিকায় হরভজনের ওপরে আছেন অনীল কুম্বলে, কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন।
২০১৫ সালেই হরভজন খেলেছেন সবশেষ ওয়ানডে। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে রানার্সআপ ও ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য হরভজন ২৩৬ ওয়ানডেতে নিয়েছেন ২৬৯ উইকেট। ২০১৬ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন হরভজন।
ভিডিও বার্তায় ৪১ বছর বয়সী হরভজন বলেছেন, জীবনের এমন সময় আসে, যখন আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। কয়েক বছর ধরেই এ ঘোষণা দিতে চেয়েছিলাম, তবে আপনাদের সাথে এটা ভাগ করে নেয়ার সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।
হরভজন সিং/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply