খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত চার

২৪ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূব জিলেরডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় পানিতে গিয়ে পড়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বালুবোঝাই ট্রাকটিও গিয়ে পড়ে সিএনজির ওপর। এতে সিএনজির ভেতরে থাকা চালকসহ ৪ যাত্রী পানিতে ডুবে মারা যান।

শুক্রবার দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূব জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ৪৫ বছর বয়সী ইলিয়াস সরদার, রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে ৩২ বছর বয়সী রেশমা খাতুন এবং অজ্ঞাত নারী ও অজ্ঞাত পুরুষ। দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

ডুমুরিয়া থানার ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, বালুভর্তি একটি ট্রাক এবং যাত্রীবাহী একটি সিএনজি খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি সিএনজিকে পেছনে ধাক্কা দিয়ে সিএনজিসহ রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। সিএনজির ওপর বালুভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডুবে যায়। সিএনজি থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ট্রাকচালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *