গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি

৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি। তারাই আজ মানবাধিকারের কথা বলছে।

বিএনপি নেতাদের লাগামহীন মিথ্যাচার, অশালীন বক্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের কথা এবং কাজে মিল নেই। তারা জনমতের কথা বলেন, অথচ তারা জনমত যাচাইয়ের সাহস রাখেন না। নির্বাচনে অংশগ্রহণে ভয় পান।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়েও বিএনপি মহাসচিব সংসদে যান নি- যা জনমতের সাথে স্পষ্ট প্রতারণা। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে অন্তরে স্বৈরতন্ত্র ও দেশবিরোধী আদর্শকে ধারণ করে। গণমানুষের অধিকার হরণে চ্যাম্পিয়ন বিএনপি আজ মানবাধিকারের কথা বলছে। অথচ তারাই মানবাধিকার হরণে এদেশে ন্যাক্কারজনক ইতিহাসের প্রবর্তক।

বিএনপি’র নেতাদের অসংলগ্ন বক্তব্য, মিথ্যাচার-অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতারা বলছেন- আওয়ামী লীগ নাকি ১৯৭১ সালের পর জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করে। বিএনপি নেতাদের এমন বক্তব্য উদ্ভট আবিষ্কার ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগ নেতৃত্বেই হয়েছে।

তিনি বলেন, হতাশা আড়াল করতে মিডিয়াতে নানান কাল্পনিক কথা বলছে বিএনপি। কিন্তু এসব গাল-গল্প জনগণের হৃদয়তল স্পর্শ করে না। আওয়ামী লীগ এ দেশের জনগণের প্রাণের সংগঠন জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগের প্রতি জনগণের পূর্ণ সমর্থন, আস্থা ও বিশ্বাস রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র এসব বক্তব্য ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। এদেশের জনগণ ভালো ভাবেই জানে- বিএনপি’র ইতিহাস হত্যা, ষড়যন্ত্র আর রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়নের ইতিহাস। বন্দুক ও বুটের তলায় জনগণকে জিম্মি করে ক্ষমতা দখলের ইতিহাস। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিকের শত্রু গণশত্রুতে পরিণত হওয়ায় তারা স্বৈরাচারের প্রতিভূ।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *