২১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে মোহাম্মদ মফিজ তার স্ত্রী রহিমা ও ছেলে রোকনকে কুপিয়ে হত্যা করেছেন।
সোমবার গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব কলমেশ্বর এলাকা থেকে মা-ছেলের লাশ উদ্ধার হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মৃত আজাহার আলীর ছেলে মোহাম্মদ মফিজ কলমেশ্বর এলাকায় নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত রাতে দেড়টার দিকে মফিজ ঘরের ভেতর স্ত্রী ও ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
রহিমার স্বজনেরা জানান, গত কয়েকদিন ধরে স্ত্রীর সাথে মফিজের কথা কাটাকাটি চলছিল। মাঝে মধ্যে স্ত্রী-সন্তানকে মারধরও করতেন তিনি। রোববার রাতে মফিজ বাসায় আসেন। ওই সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে ছেলে রোকনকে ডেকে তুলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান তিনি।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
অপরাধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















