বিনোদন ডেস্ক: অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় হৃদ্রোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় এ গিটারিস্টের বয়স হয়েছিল ৫২ বছর।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু সিপার আলতামুস। শনিবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পরিবারের সদস্যরা দেশের বাইরে অবস্থান করছেন।
পিকলুর ঘনিষ্ঠ বন্ধু সিপার জানান, রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে নিজেই গিটার নিয়ে জ্যামিং করেন। পারফর্ম করার সময় অসুস্থতা অনুভব করেন। অনুষ্ঠান শেষে চেয়ারে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সিপার আরও জানান, দীর্ঘদিন ধরে হৃদ্রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। চলতি বছরের শুরুর দিকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
গত শতকের মধ্য নব্বইয়ে বাংলাদেশের ব্যান্ড সংগীতের ভুবনে পরিচিত নাম ছিল পিকলু। তিনি রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকা এবং অর্থহীনের মতো ব্যান্ডগুলোয় বাজিয়েছেন। অর্থহীনের জনপ্রিয় গান- অদ্ভুত সেই ছেলেটি, সূর্য, রাতের ট্রেন, গুটি, নির্বোধসহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু। অর্থহীনের অ্যালবাম ত্রিমাত্রিক, বিবর্তন, ধ্রুবতে লিড গিটার বাজিয়েছেন তিনি। প্রয়াত সংগীতশিল্পী নিলয় দাশের শিষ্য ছিলেন পিকলু।
জনপ্রিয় এই গিটারিস্টের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। পিকলুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল, সংগীতশিল্পী রাফা, এলিটা করিমসহ অনেকেই।
শোক/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply