৪ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর গুলশানের একটি বাসা থেকে জান্নাতুল নওরিন এশা নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ২২ বছর বয়সী এশা ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে।
শুক্রবার ভোরে পুলিশ এশাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জান্নাতুল নওরিন এশা ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে।
এশার মা সানজিদা নাহার বলেন, তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে।
সানজিদা নাহার অভিযোগ করে বলেন, প্লাবন ঘোষ নামের এক ছেলের সাথে সম্পর্ক ছিল এশার। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্লাবনের সাথে দেখা করতে বাসা থেকে বের হয় এশা। পরে এশাকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায় প্লাবন। এ সময় দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। বাসায় ফিরে এসে এশা নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, সকালে মেয়ের কক্ষের দরজায় ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে এশা। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানজিদা নাহারের অভিযোগ, প্লাবনকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে জান্নাতুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এশার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply