চট্টগ্রাম বন্দরে ২ কন্টেইনার মদ জব্দ

২৫ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): মিথ্যা ঘোষণা দিয়ে মদ ও সিগারেট আনায় চট্টগ্রাম বন্দরে দুটি কন্টেইনারবাহী পণ্যের চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। চালানের নথিপত্র জমা দেয়ার আগেই সন্দেহজনক হিসেবে খালাস আটকে দেয় কাস্টমসের পোর্ট কন্ট্রোল ইউনিট ও এআইআর শাখা।

সোমবার দুপুরে এই চালান জব্দ করা হয়।

এর আগে গত শনি ও রোববার তিনটি পৃথক চালানে তিন কন্টেইনার মদের চালান জব্দ করা হয়েছিল। এ নিয়ে তিন দিনে পাঁচ প্রতিষ্ঠানের নামে আসা পাঁচ কন্টেইনার মদ জব্দ করলেন কর্মকর্তারা। মদ ও সিগারেট শর্তসাপেক্ষে আমদানি করা গেলেও এসব চালান মিথ্যা ঘোষণা ও জালিয়াতি করে আমদানি করা হয়েছিল।

কাস্টমসের যুগ্ম কমিশনার ও পোর্ট কন্ট্রোল ইউনিটের প্রধান মোহাম্মদ সালাহউদ্দীন রিজভী জানান, শনিবার রাতেই চালান দুটির বিল অব লেডিং (পণ্যের মালিকানার দলিল) লক করা হয়। আজ সোমবার কন্টেইনার দুটি খুলে সিগারেট ও মদ পাওয়া গেছে। এখনো গণনা চলছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা চালানের একটি আমদানিতে নীলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের নাম ব্যবহার করা হয়েছে। আমদানির ঘোষণা ছিল শিল্পের কাঁচামাল রেজিন। আরেকটি চালান আমদানিতে নাম ব্যবহার হয়েছে মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এ চালানটির আমদানির ঘোষণায় ছিল সুতা।

নথিপত্র অনুযায়ী, দুটি চালানই আনা হয়েছে চীন থেকে। এ মাসে চালান দুটি চীনের বন্দর থেকে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে আনা হয়।

চট্টগ্রাম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ