টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ড

৪ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেস বোলার অ্যালান ডোনাল্ড।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সাথে কাজ করবেন প্রোটিয়া এই সাবেক তারকা।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেই প্রোটিয়া কিংবদন্তি পেসার অ‍্যালান ডোনাল্ডকে পাচ্ছেন মুস্তাফিজ-তাসকিনরা। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের।

সবশেষ নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার ওটিস গিবসন। গত জানুয়ারিতে তার দুই বছরের চুক্তি শেষ হয়।

অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। পেস বোলার হিসেবে টেস্টে ৩৩০টি ও ওয়ানডেতে ২৭২টি উইকেট শিকার করেছিলেন তিনি। একসময় আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ বোলার ছিলেন তিনি।

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্যে প্রশংসা কুড়ানো ডোনাল্ড খেলা ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে নেন। ২০০৭ সালে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন বোলিং পরামর্শকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড দলকে কোচিং করিয়েছেন।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ