টিকা দিয়েই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে

১৪ জুন ২০২১ (নিউজ ডেস্ক): আর্ট নিউজের সম্পাদক কাজী তামান্না বলেছেন, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের করোনা টিকা দেয়া সম্পন্ন হলেই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত হবে। তার আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য যে ভার্চ্যুয়াল ক্লাস চলছে তা কার্যকর করতে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা এখন সময়ের দাবি।

সোমবার রাতে রাজধানীর উত্তরার বিসিআই কলেজ আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনায় তিনি এ সব কথা বলেন। কাজী তামান্না বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেক দূরে সরে গেছে।

তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কথার প্রতিধ্বনি তুলে বলেন, এটাও মনে রাখতে হবে, আমাদের সন্তানেরা বেঁচে থাকলে তারা পরেও পড়াশোনা করতে পারবে। তিনি বলেন, অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। পথে-ঘাটে, গণপরিবহনে কেউ স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। এটি আত্মঘাতি।

কাজী তামান্না বলেন, অনলাইন ক্লাসের জন্য বাচ্চাদের চোখে সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন ধরনের নার্ভাল সমস্যায় ভুগছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা দুনিয়ার চিত্র এটি।

বিসিআই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলোচনায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা।

কাজী তামান্না তার আলোচনায় বলেন, শিশুদের ইমিউনিটি পাওয়ার কম। তাছাড়া তারা স্কুলে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলবে এমন নিশ্চয়তা দেয়া যায় না। তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিষয়গুলোকে বিবেচনায় রাখতে হবে।

কাজী তামান্না/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *