১৯ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট (পরামর্শক) পদে নিয়োগ দেয়া হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে। আগামী রোববার তিনি ঢাকায় আসছেন। অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন বিষয়ে শ্রীরামের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা হয়েছে।
শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শ্রীধরন আমাদের এখানে হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেকনিক্যাল কনসালট্যান্টে হিসেবে।
অস্ট্রেলিয়া প্রবাসী এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন শ্রীরাম।
কোচ হিসেবে শ্রীধরনের এই অভিজ্ঞতা বিবেচনা করেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান নাজমুল হাসান। বলেন, যেহেতু আইপিএলের সাথে তার সম্পৃক্ততা আছে। আমরাও এমন কাউকে চাচ্ছিলাম যার সাথে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, আভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।
তবে এশিয়া কাপে দলের প্রধান কোচ কে থাকছেন সেটি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে পাপন বলেন, এটা আমরা এখনও ঠিক করিনি। ২২ তারিখ সবার সাথে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো না।
বিসিবি/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















