২ জুন ২০২২ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মুমিনুল হক। তার নেতৃত্ব ছাড়ার একদিনের মাথায় নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে।
বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে এটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
মুমিনুলের নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে, ড্র ২টি। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মুমিনুল।
সাকিব টেস্ট দলের অধিনায়ক ছিলেন আগেও। তার ওপর আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়। এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব, জয় তিনটিতে ও হার ১১টিতে।
২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার চোটের কারণে সিরিজের মধ্যেই আপৎকালীন অধিনায়ক করা হয় সাকিবকে। সেটাই তার প্রথম নেতৃত্বে আসা। সাকিবের দ্বিতীয় মেয়াদের অধিনায়কত্বের শুরু ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আরেকটি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আরও একবার টেস্টের নেতৃত্ব আসলো সাকিবের হাতে।
আগামী ১৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















