নিউজ ডেস্ক: ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তা বিস্ফোরণে শাকিল শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তিনি বিদ্যুতের তারে ঝুলে ছিলেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।
বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছেন স্থানীয় লোকজন।
পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের হারান শেখের বাড়ির উত্তর পাশে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে যান শাকিল ও মজনু শেখ। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ২২ বছর বয়সী মোহাম্মদ শাকিল শেখ ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের মজনু শেখ।
বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুঁটি থেকে ঝুলে থাকা অবস্থায় শাকিলের লাশ উদ্ধার করে। গুরুতর আহত মজনুকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ট্রান্সফরমার চুরির সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী কানাইপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা এক কিশোরকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেয়া হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষ চন্দ্র বাড়ই বলেন, সকাল ৬টার দিকে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত ব্যক্তিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, শাকিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply