২৭ নভেম্বর, ২০২০ (নিউজ ডেস্ক): স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম শহীদ পেশাজীবী নেতা ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার সকালে শহীদ মিলন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয়।
এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ মিলনের পরিবার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিএনপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠন তার কবরে শ্রদ্ধা নিবেদন করে।
এ ছাড়া টিএসসি’র সামনে মিলন স্মৃতি চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠন শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সে সময়ের যুগ্মমহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার শামসুল আলম মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঘাতকদের গুলিতে শহীদ হন।
ডা. মিলন/কিউটি/রমু















Leave a Reply