ডিজিএফআই-এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা

১২ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে ডিজিএফআই কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ডিজিএফআই-এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মিত বাসস্থানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন।

ডিজিএফআই কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন বলে কামনা করি, আপনারা সেটাই করবেন।

তিনি বলেন, ইতিহাস জানতে হবে। দেশকে জানতে হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।

এ সময় গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক… এগুলোর হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই আমাদের এই যুব সমাজের মেধা আমরা কাজে লাগাতে পারবো। দেশের মানুষের শক্তিকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবো। সেই ভাবেই আমাদের দেশকে গড়তে হবে। কাজেই এসব দিকে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজের কর্মস্থলে কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে।

স্বাধীনতার পর জাতির পিতা একদিকে যেমন যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ে তুলেছেন অন্যদিকে সশস্ত্র বাহিনীকেও যথাযথভাবে গড়ে তুলেছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, জাতির পিতার দেয়া প্রতিরক্ষা নীতিমালা মেনেই আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

দেশকে এগিয়ে নিতে শান্তি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতির পিতার আকাঙ্ক্ষা ছিল, এই দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ, দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবে, হেসে-খেলে বাঁচবে। সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমাদেরও লক্ষ্য। আমরা সেটাই করতে চাই। তাই দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার।

পিএম/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *