ঢাকায় ছেলের হাতে মা খুন

নিউজ ডেস্ক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় ছেলের হাতে মা খুন হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রোকেয়া বেগম। খুনের ঘটনায় ছেলে মোহাম্মদ রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।

শাহিনুর রহমান বলেন, তারা জানতে পেরেছেন রোকেয়া তার দুই সন্তানকে নিয়ে মানিকদী এলাকায় নিজ ফ্ল্যাটে থাকতেন। তার ছোট ছেলে গতকাল রাত আটটার দিকে তারাবিহর নামাজ পড়তে মসজিদে যান। বাসায় ছিলেন রনি ও তার মা রোকেয়া। রোকেয়ার স্বামী মোহাম্মদ আলী নরসিংদীতে চাকরি করেন। গতকাল তিনি সেখানেই ছিলেন। এই ফাঁকে রনি তার মাকে খুন করেন।

ক্যান্টনমেন্ট থানার ওসি বলেন, আটক রনি পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি বঁটি দিয়ে কুপিয়ে মা রোকেয়াকে খুন করেছেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলেছে, কয়েক বছর আগে একটি বেসরকারি মেডিকেলে পড়ার সময় রনি মানসিক আঘাত পান। এর পর থেকে তিনি বাসাতেই থাকতেন। অনেকটা উদভ্রান্তের মতো জীবন কাটাতেন।

খুনের ঘটনায় ছেলে রনিকে প্রধান আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন বাবা মোহাম্মদ আলী।

ক্যান্টনমেন্ট থানার ওসি শাহিনুর রহমান বলেন, এ মামলায় রনিকে গ্রেফতার করা হয়েছে।

শোক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ