০৫ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ক্যারিয়ার। উড়োজাহাজটির নাম ‘শ্বেত বলাকা’ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকাল ৫টা ৩৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি এসে পৌঁছায়।
এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে ড্যাশ-৮-৪০০ মডেলের উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গেল বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয় উড়োজাহাজটি চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বিমান বহরে যুক্ত হয়েছে।
আধুনিক সব সুযোগ-সুবিধার সমন্বয়ে তৈরি উড়োজাহাজটিতে আসন রয়েছে ৭৪টি। উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ার ফলে বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াবে। অভ্যন্তরীণ রুটগুলোতে বিমান তার যাত্রীদের আরও উন্নত সেবা দিতে সক্ষম হবে।
বর্তমানে বিমান বহরে থাকা উড়োজাহাজের সংখ্যা ২০টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুইটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ায় উড়োজাহাজের সংখ্যা হলো ২১টি।
শ্বেতবলাকা/এসকেএম/আরএম
















Leave a Reply