তাসকিনের দিনেও ভালো অবস্থানে শ্রীলংকা

৩০ এপ্রিল ২০২১ (স্পোর্টস ডেস্ক): ক্যান্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সাফল্য পেয়েছেন বাংলাদেশ দলের বোলাররা। এদিন ১৭৮ রান খরচ করে ৫ উইকেট শিকার করেছেন টাইগাররা। তাসকিন আহমেদ পেয়েছেন তিন উইকেট, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নিয়েছেন এক করে উইকেট।

এর আগে সিরিজের প্রথম দিনে ২৯১ রান খরচ করে টাইগাররা শিকার করেছে মাত্র এক উইকেট।

সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেয়া শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেন। ১৯০ বলে ১১৮ রান করা করুনারত্নেকে বৃহস্পতিবার সাজঘরে ফেরান তরুণ পেসার শরিফুল ইসলাম।

শুক্রবার ২৯১/১ রানে ব্যাটিংয়ে নেমে ২৭ রান যোগ করতেই ৩ উইকেট হারায় শ্রীলংকা। দ্বিতীয় দিনে ১৩১ রানে ব্যাটিংয়ে নেমে এদিন আর মাত্র ৯ রান যোগ করে সাজঘরে ফেরেন থিরিমান্নে। দিনের শুরুতে তাসকিন আহমেদের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লংকান এ ওপেনার। তার আগে ২৯৮ বলে ১৫টি বাউন্ডারিতে ১৪০ রান করেন থিরিমান্নে।

চার নম্বরে ব্যাট করতে নেমে ১৫ বলে মাত্র ৫ রান করতেই তাসকিনের দ্বিতীয় শিকার শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস। ৯ বলে ২ রান করে তাইজুলের স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন প্রথম টেস্টে ১৬৬ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা।

ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা পাথুম নিশাঙ্কাকে সাথে নিয়ে পঞ্চম উইকেটে ৫৪ রান যোগ করেন শুক্রবার ৪০ রানে ব্যাটিংয়ে নামা ওসাদা ফার্নান্দো।

৪ উইকেটে ৩৮২ রান করা শ্রীলংকা এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ২ উইকেট। ৮৪ বলে ৩০ রান করে তাসকিনের তৃতীয় শিকারে পরিণত হন নিশাঙ্কা।  ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরি পথে অগ্রসর হওয়া ওসাদা ফার্নান্দোকে ৮১ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ।

৬ উইকেটে ৪২৫ রান নিয়ে চা পান বিরতিতে যায় শ্রীলংকা। এরপর ব্যাটিংয়ে নেমে ১৬ রান সংগ্রহ করতেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ২১ মিনিট খেলা বন্ধ থাকে। বৃষ্টির আগে ১৪৯ ওভারে ৪৩৬/৬ রান সংগ্রহ করে শ্রীলংকা। বৃষ্টির পর ৬ দশমিক ৫ ওভার খেলা হতেই আলো স্বল্পতা দেখা দেয়। আলো স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের ২৪ দশমিক ১ ওভারের খেলা মাঠে গড়ায়নি।  তার আগে ৬ উইকেটে ৪৬৯ রান সংগ্রহ করে শ্রীলংকা। ৬৪ ও ২২ রানে অপরাজিত আছেন নিরশন ডিকওয়ালা ও রামেশ মেন্ডিস।

ক্রিকেট/এসকেএম/আরএম